দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির দাপট, ৪ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ ভারতে বর্ষা আসা শুধু সময়ের অপেক্ষা। আগামী শনিবার আন্দামান এবং ২৬ মে-র মধ্যে কেরালায় বর্ষার আগমন ঘটবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। যদিও প্রখর রোদ ও গরমে রীতিমতো সেদ্ধ হয়ে যাচ্ছেন দক্ষিণবঙ্গের মানুষজন। একটু বৃষ্টির জন্য অপেক্ষায় দিন গুনছেন সাধারণ আমজনতা। যদিও উত্তরবঙ্গের ছবি অন্যরকম। সেখানে প্রবল বৃষ্টিপাত চলছে। তবে আজ শনিবার দক্ষিণবঙ্গবাসী কপাল কিছুটা হলেও খুলতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন জেলায় জেলায় ঝড় বৃষ্টির দাপট স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার সহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির দাপট চলবে।

আইএমডি-র দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর বর্ষা ২৬শে মে নাগাদ কেরালায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যদিও বর্ষা সাধারণত ১লা জুন বা তার পরে আসে, তবে সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহের কারণে এবার আগেভাগেই বর্ষার আগমনের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, আবহাওয়া দফতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এও জানিয়েছে যে, বর্ষা আসার তারিখ দুটির মধ্যে সর্বোচ্চ চার দিনের ব্যবধান থাকতে পারে।

আগামীকালের আবহাওয়া

মৌসম ভবনের তরফে রবিবার ছুটির দিনও উত্তরবঙ্গে জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ১৯ মে অবধি প্রবল ঝড় বৃষ্টি দাপট চলবে বলে খবর। দক্ষিণবঙ্গে কথা বললে রবিবার দুই একটি জেলায় ঝড় বৃষ্টি চলতে পারে।