“মহাদেবের লিঙ্গে কন্ডোম পরিয়েছিলেন!” সায়নী, জীতুর বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া

Published:

Jeetu Kamal Slams Saayoni

প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গ রাজনীতির ক্ষমতার পালা বদল হতেই টলিউড ইন্ডাস্ট্রির অন্দরে একাধিক বিতর্ক উঠে আসছে। অনেকেই ‘তৃণমূল ঘেষা’ ফোরামের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন, পরিস্থিতি এতটাই খারাপ যে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ছে না। এমতাবস্থায় টলি অভিনেতা জীতু কমলের (Jeetu Kamal) সঙ্গে জোর দ্বন্দ্ব বাঁধল (Jeetu Kamal Slams Saayoni) অভিনেত্রী-সাংসদ সায়নী ঘোষের। বিতর্কের শিরোনামে উঠে এল সায়নীর (Saayoni Ghosh) কন্ডোম কাণ্ডের ঘটনা।

জীতুকে কটাক্ষ সায়নীর

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে আচমকা জীতু কমলকে নিশানা করেন সায়নী ঘোষ। তাঁর দাবি ছিল, বিরাটির একটি ঘটনার সময় বছর দুয়েক আগে জীতু এবং তাঁর প্রাক্তন স্ত্রী সমস্যায় পড়ে থানায় ফোন করেছিলেন তাঁকে। তখন তিনি সাংসদও ছিলেন না। সায়নীর অভিযোগ, “আপনার প্রথম প্রশ্ন ছিল, আপনার মতো বড় সেলিব্রিটিকে কেন এতক্ষণ বসিয়ে রাখা হয়েছে। আপনি পুলিশদের সঙ্গে ‘তোমরা জানো আমি কে?’ টাইপের অসভ্যতা করছিলেন। অথচ আপনার স্ত্রী তখন উদ্বেগে ছিলেন। আপনার হয়তো মনে নেই সেদিন এই সায়নী ঘোষ তখন ওসির সঙ্গে কথা বলে আপনাদের সাহায্যের ব্যবস্থা করেছিল।”

জীতুকে টলিউডের কঙ্গনা রানাওয়াত বললেন সায়নী

তর্ক বিতর্কের মাঝেই জীতু কমলকে পাল্টিবাজ বলতে অতিধাবোধ করলেন না সায়নী ঘোষ। তাঁর আরও অভিযোগ, “আপনি আদতে একজন সুবিধাবাদী। যারা পাশে থেকেছে, সুযোগ দিয়েছে, তাঁদেরই পরে দূরে সরিয়ে দিয়েছেন।” শুধু তাই নয় টলিউডের কঙ্গনা রানাওয়াতের সঙ্গে জীতুকে তুলনা করেছেন সায়নী। তাঁর দাবি, “ক্যামেরা দেখলেই উল্টোপাল্টা বলতে বলতে কখন টলিউডের কঙ্গনা রানাওয়াত হয়ে যাবেন, বুঝতেই পারবেন না। যদিও কঙ্গনার অভিনয় দক্ষতা অসাধারণ। কিন্তু এবার নিজেকে সত্যজিৎ রায় ভাবা বন্ধ করুন।” আর এই ভয়ংকর অভিযোগের বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন টলি অভিনেতা জীতু কমল।

ফিরে এল ‘কন্ডোম বিতর্ক’!

সায়নীকে ‘কন্ডোম কাণ্ডে’র কথা মনে করিয়ে জীতু কমলের পাল্টা দাবি, “আপনি ঈশ্বর মানেন নাকি? আপনি আমার মহাদেবের লিঙ্গে কনডম পরিয়ে খিল্লি করেছিলেন। আমি সুবিধাবাদী! আচ্ছা? কোন সুবিধাটা আমি আপনার থেকে নিয়েছি? টেকনিশিয়ানরা বলেছে, আমি বাজে ব্যবহার করি? কিছু তৃণমূলের পেটোয়া টেকনিশিয়ানস বলতে পারে। ২৮ জন বডিগার্ড, পাঁচ-ছয়জন আপ্ত সহায়ক নিয়ে ঘুরতে দেখলে আমাদের মতো যে কোনও মানুষেরই পিলে কেঁপে উঠবে, আর আপনাকে পানের বাটি সাজিয়ে গল্প শোনাবে। তেমন তো কাজ-কর্ম কিছু করেনও না,তা গল্পই শুনুন। টেকনিশিয়ানদের বিপদে কখন দাঁড়াতে হয়, কখন তাদের সঙ্গ নিতে হবে, সেটা আপনার মতো পাল্টিবাজের কাছে শুনতে হবে!”

আরও পড়ুন: রবিবার কলকাতা ডার্বির প্রধান অতিথি ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, কবে ট্রফি বিতরণ?

প্রসঙ্গত, ন’বছর আগে সায়নী ঘোষ যখন শুধুই অভিনেত্রী ছিলেন তখন তিনি সমাজমাধ্যমে একটি বিতর্কিত ছবি পোস্ট করেছিলেন তাতে লেগেছিল রাজনীতির রং। স্বতন্ত্র নাগরিক হিসেবেই শিবলিঙ্গকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে তোলপাড় হয়েছিল সামাজিক মাধ্যম। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে উঠেছিল বয়কটের ডাক। তার পর অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন সায়নী। কিন্তু তৃণমূলের যুবনেত্রীকে এখনও ‘কন্ডোম বিতর্ক’ ধাওয়া করে চলেছে।