কনফার্ম টিকিট সত্ত্বেও মেলেনি সিট! ২০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকে

Published:

Indian Railways

সহেলি মিত্র, কলকাতাঃ এখন ট্রেনে কনফার্ম সিট পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। কেউ সিট না পেয়ে হতাশ তো আবার অন্যদিকে কনফার্ম সিট পেয়েও শেষমেষ তাতে বসতে না পেরে হতাশ হচ্ছেন রেল (Indian Railways) যাত্রীরা। যদিও এবারের ঘটনাটি অন্যরকম। নিয়ম অনুযায়ী, আপনার যদি নিশ্চিত টিকিট থাকে, তবে আপনাকে একটি সিট দেওয়ার দায়িত্ব রেল কর্তৃপক্ষের। রেল কর্তৃপক্ষ যদি তা করতে ব্যর্থ হয়, তবে তাদের মোটা অঙ্কের জরিমানা হতে পারে। এবারেও তাই হল। রেলকে ২০,০০০ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হল।

যাত্রীদের ২০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ  রেলকে

জানা গিয়েছে, বিহারের ভোজপুর জেলা থেকে এমনই একটি ঘটনা সামনে এসেছে। এখানকার ভোক্তা আদালত সম্প্রতি রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, কনফার্ম সংরক্ষিত ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও যে সমস্ত যাত্রীদের দাঁড়িয়ে ভ্রমণ করতে বাধ্য করা হয়েছে, তাদের ২০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? এক রিপোর্ট অনুযায়ী, এলটিটি পাটনা এক্সপ্রেসে বিন্ধ্যাচল থেকে আরাগামী চারজন যাত্রী ট্রেনে উঠে দেখেন যে তাঁদের টিকিট কনফার্ম থাকা সত্ত্বেও তাঁদের সিটে অন্য লোকজন বসে আসেন। রীতিমতো দখল করে রয়েছে।

আরও পড়ুনঃ ঝুলেছিল ৩ বছর, চিংড়িঘাটার পর মেট্রোর আরও এক কাজে অনুমতি দিল কলকাতা পুলিশ

ওই ৪ জন যাত্রী দখলকারী যাত্রীদের আসনটি খালি করে দেওয়ার জন্য অনুরোধ করেন এবং রেল কর্মকর্তাদের কাছে সাহায্যও চান, কিন্তু তাদের কোনো সাহায্য করা হয়নি। ফলস্বরূপ, তাদের দাঁড়িয়েই যাত্রা শেষ করতে হয়েছিল। এরপরই আদালতে এই অভিযোগটি ওঠে। ওই চারজন যাত্রীর অভিযোগের ভিত্তিতে আদালত স্বীকার করেছে যে, কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও রেল কর্তৃপক্ষ তাঁদের বরাদ্দকৃত সিট না দেওয়ায় তাঁরা মানসিক, শারীরিক ও আর্থিক হয়রানির শিকার হয়েছেন। মামলার শুনানিতে আদালত জানায় যে, অভিযোগকারী বিভিন্ন উপায়ে রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আবেদনকারী এবং তাঁর অন্য তিন সঙ্গী ১৩২০২ এলটিটি পাটনা এক্সপ্রেস ট্রেনের B4 কোচে আসন খুঁজে পেতে ব্যর্থ হন।

বড় রায় আদালতের

আদালত আরও জানায় যে, এটা স্পষ্ট ছিল যে আবেদনকারী এবং তাঁর অন্য তিন বন্ধু মানসিক, শারীরিক ও আর্থিক হয়রানির শিকার হয়েছিলেন। আদালত এর জন্য উত্তর মধ্য রেল, রেল মন্ত্রক এবং ভারতীয় রেলকে দায়ী করে এবং জানায় যে এটি তাদের পক্ষ থেকে পরিষেবার বড় ঘাটতি। তাই যারা দুর্ভোগের শিকার হয়েছেন তাঁদের প্রত্যেককে ২০,০০০ টাকা ক্ষতিপূরণ বাবদ দিতে হবে। আদালত উত্তর মধ্য রেলওয়ে, রেল মন্ত্রক এবং রেলওয়ে বোর্ডকে ১,৮৭৬.৮০ টাকার বুকিং ফি ৮ শতাংশ বার্ষিক সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়াও, আদালত ২০,০০০ টাকা ক্ষতিপূরণ এবং মামলা পরিচালনার খরচ বাবদ অতিরিক্ত ১৫,০০০ টাকা প্রদানের আদেশ দিয়েছে। এই অর্থ আবেদনকারীদের ৬০ দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে।