নদী, চা বাগানে ঘেরা সুন্দরী ডুয়ার্সের একদম অচেনা জায়গা, ঘুরে আসুন বর্ষার

Published:

Dooars

সহেলি মিত্র, কলকাতাঃ দক্ষিণবঙ্গে পাগল করা গরম পড়েছে। সকলের অবস্থা নাজেহাল। এই গরম থেকে বাঁচতে অনেকেই হয় দার্জিলিং কিংবা সিকিম ছুটে যাচ্ছেন। কিন্তু সেখানে গাড়ির লম্বা লাইন এবং মানুষের কাতারে কাতারে ভিড় যথাক্রমে মুম্বাই এবং এসপ্ল্যানেডকেও হার মানাচ্ছে। এদিকে উত্তরবঙ্গে এখন মনোরম আবহাওয়া। উত্তরবঙ্গে কিন্তু অলরেডি বর্ষা ঢুকবে ঢুকবে করছে। বেশ কিছুদিন ধরে জায়গায় জায়গায় বৃষ্টি শুরুও হয়ে গেছে। আপনিও কি এরকম আবহাওয়ার আমেজ নিতে ইচ্ছুক? কিন্তু ভিড়ভাট্টা চাইছেন না? তাহলে আজ আপনাদের এমন এক এক স্বর্গীয় জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনি সেখানকার প্রেমে পড়ে যাবেন। জায়গাটি ডুয়ার্সে অবস্থিত। আজ যে জায়গা সম্পর্কে আপনাদের জানাবো সেখানে গেলে ভাববেন, ডুয়ার্সে এরকম জায়গাও থাকতে পারে?

বর্ষায় ঘুরে আসুন ডুয়ার্সের এই অফবিট জায়গা থেকে

নিশ্চয়ই ভাবছেন কোন জায়গা নিয়ে আলোচনা হচ্ছে? তাহলে আর দেরি না করে জানিয়ে দিই, আজ কথা হচ্ছে ডুয়ার্সের (Dooars) একদম অফবিট জায়গা ‘ডামডিম’ (Damdim) নিয়ে। হ্যাঁ জায়গাটির নাম একটু অদ্ভুত শোনালেও এই জায়গায় একবার এলে আপনি আর সেই রোজকার একই বোরিং জীবনে ফিরে যেতে চাইবেন না। উত্তরবঙ্গের অন্যতম সেরা অফবিট ডেস্টিনেশন হয়ে উঠছে এই ডামডিম। তবে এখনও অবধি খুব একটা পর্যটকদের পা এখানে পড়েনি।

জুন-জুলাই মাসে পাহাড়ের রূপই আলাদা হয়। এক কথায় ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে এই সময়ে পাহাড়। নদীগুলি আরও ফুলেফেঁপে ওঠে। কিছু পাহাড় আরও সবুজ হয়ে ওঠে। তেমনই একটি সুন্দর জায়গা হল এই ডামডিম। কুয়াশা মাখা পাহাড়, ধাপে ধাপে নেমে আসা চা বাগান আর চেল নদীর কুলকুল শব্দ, সব মিলিয়ে এই ডামডিমকে আরও সুন্দর করে তোলে।

আরও পড়ুনঃ ঝরনা, ড্যাম থেকে সবুজ পাহাড়, কলকাতার অদূরেই রয়েছে ছবির মতো সুন্দর স্বর্গীয় জায়গা

চা বাগানে ঘেরা একটি সুন্দর পাহাড়ি ডেস্টিনেশন হল জায়গাটি। যতদূর চোখ যাবে শুধু চা বাগান আর চা বাগান। সেইসঙ্গে রয়েছে নদী। এছাড়াও এই জায়গার অন্যতম সুন্দর জায়গা হল ডামডিম মনেস্ট্রি। রয়েছে চেল নদী, যেখানে ঘণ্টার পর ঘণ্টা পা ডুবিয়ে রাখা যায়।

কীভাবে যাবেন?

নিউ মাল রেল স্টেশন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত ডামডিম। এই মাল স্টেশনে শিয়ালদহ এবং হাওড়া থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন দাঁড়ায়। স্টেশনে নেমে প্রাইভেট গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন ডামডিম।