প্রীতি পোদ্দার, কলকাতা: অপরিকল্পিতভাবে ঢালাই রাস্তা নির্মাণ করার প্রতিবাদ করায় এক মহিলাকে বেঁধে রেখে মারধরের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পটাশপুরে। চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতেই তুমুল শোরগোল এলাকাবাসীর। অভিযোগ, রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় নাকি ওই মহিলাকে প্রতিবেশীরা নাবালিকা মেয়ের সামনে হাত-পা বেঁধে বিবস্ত্র করে মারধর করেছে। শুধু তাই নয়, ওই অবস্থায় হাত পা বেঁধে রেখে ওই মহিলাকে ফেলে রেখে ঢালাই রাস্তা তৈরী কাজ শেষ করা হয়েছে বলে জানা গিয়েছে।
হাত-পা বেঁধে মহিলাকে মারধর
রিপোর্ট মোতাবেক, গত ১৭ ফেব্রুয়ারি পাড়ায় সমাধান প্রকল্পে রাস্তা তৈরি করা হচ্ছিল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। কিন্তু সেই কাজ নাকি অপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছিল। তাই রাস্তা তৈরীর প্রতিবাদ করেছিলেন সেখানকারই এক মহিলা। কিন্তু প্রতিবেশীরা এই প্রতিবাদ মানতে চায়নি। নাবালিকা মেয়ের সামনেই ওই মহিলার হাত পা বেঁধে বিবস্ত্র করে মারধর করে বলে অভিযোগ উঠেছে। আসলে সংশ্লিষ্ট এলাকায় পূর্বের ঢালাই রাস্তার সঙ্গে সংযোগ না রেখে উল্টো দিক থেকে নতুন করে ঢালাইয়ের কাজ শুরু করা হয় ফলস্বরূপ ভবিষ্যতে জলনিকাশি ও যাতায়াতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওই মহিলা। তাই তিনি কাজের স্বচ্ছতা ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন এতেই প্রতিবেশীদের একাংশ ক্ষিপ্ত হয়ে ওঠে।
ঘটনায় FIR রুজু করেছে পুলিশ
ঘটনা সূত্রে জানা গিয়েছে, হাত পা বাঁধা অবস্থায় ওই মহিলাকে মহিলার জেষ্ঠতুতো ও খুড়তুতো শ্বশুর ও শাশুড়ি সহ প্রতিবেশি কয়েকজন মারধর করে ফেলে রেখে ঢালাই রাস্তা তৈরীর কাজ শেষ করেছে। ঘটনার মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও এই ঘটনার অভিযোগ পটাশপুর থানায় জানিয়েছেন আক্রান্ত মহিলা। অভিযুক্তদের বিরুদ্ধে একটি FIR রুজু করেছে পুলিশ। পুলিশ জানাচ্ছে, প্রয়োজনীয় পদক্ষেপ হবে। ঘটনায় পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, “ঘটনার দুইপক্ষ থেকেই অভিযোগ রেজিস্টার্ড হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত এখনও চলছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই মামলা সমাধান হবে।
আরও পড়ুন: ৬০০ দিন হাসপাতালে থেকে জীবন যুদ্ধে হার, প্রয়াত রাজনীতির চাণক্য মুকুল রায়
প্রসঙ্গত, রাজ্য সরকারের এই পাড়ায় সমাধান প্রকল্প কয়েকজনের কাছে সুবিধাজনক হলেও অনেকেই এই প্রকল্প নিয়ে একাধিক অভিযোগ তুলছে। জলের সমস্যা এখনও অনেক জায়গায় মিটছে না, এমনকি রাস্তা নির্মাণের সমস্যাও বেশ কয়েক জেলায় দেখা গিয়েছে। যার জেরে এই পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগছে। এদিকে নির্বাচনের আবহে জনসংযোগ বৃদ্ধিতে মরিয়া হয়ে উঠেছে শাসকদল, উন্নয়নের বার্তা ছড়িয়ে দিচ্ছে জেলায় জেলায়। এই অবস্থায় এই প্রকল্প নিয়ে প্রশ্ন উঠতেই অস্বস্তিতে পড়েছে নেতা মন্ত্রীরা।












