প্রীতি পোদ্দার, কলকাতা: এপ্রিলের তীব্র দাবদাহের পর ফের আবহাওয়ার ভোল বদল। ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে (South Bengal) ফের ঝড়-বৃষ্টির দাপট বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকালও (Weather Tomorrow) বেশ কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই কোথাও বেরোনোর প্ল্যান থাকলে ছাতা অবশ্যই নিয়ে যান।
ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি
এপ্রিলের শুরু থেকেই দেশের বেশির ভাগ অংশে তাপপ্রবাহের পরিস্থিতি চলছিল। বিশেষ করে উত্তর, উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতে। তালিকায় ছিল পশ্চিমবঙ্গ। প্রখর রোদের তেজে বাইরে বেরোনো রীতিমত কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু এপ্রিলের শেষের দিকে পর পর কয়েকটি ঝঞ্ঝার কারণে ঝড়বৃষ্টি শুরু হয়েছে বঙ্গের প্রতিটি জেলায় জেলায়। আসলে গাঙ্গেয় বঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আজ বিকেলেও নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে পরিষ্কার আকাশ দেখা গেলেও মাঝে মাঝেই দেখা যাবে আংশিক মেঘলা আকাশ। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বাকি জেলাতেও হালকা বৃষ্টি হবে। তার সঙ্গে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী ১৩ মে পর্যন্ত এমন দুর্যোগমূলক আবহাওয়া থাকবে। তবে বৃষ্টি হলেও বজায় থাকবে অস্বস্তি।
আরও পড়ুন: মাটির বাড়িতে দিন আনি দিন খাই অবস্থা, সেই চাষিকে বিধায়ক করল বিজেপি
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আর এই বৃষ্টি দুর্যোগের ফলে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা বেশ নিয়ন্ত্রণে থাকবে।










