“এটা ফুটবল নয়, তাঁর এখনই অবসর নেওয়া উচিত” IPL-র আগেই ধোনিকে পরামর্শ আকাশ চোপড়ার

Published:

Aakash Chopra On MS Dhoni Retirement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার কথা মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni Retirement)। তবে IPL যত এগিয়ে আসছে ততই এই খেলোয়াড়ের অবসর নিয়ে বাড়ছে জল্পনা। প্রশ্ন উঠছে, মাহির ফিটনেসের দিকে নজর রেখে তাঁকে কি আদৌ প্রথম একাদশে জায়গা দেবে চেন্নাই সুপার কিংস? অনেকেই মনে করছেন, হয়তো শেষ পর্যন্ত চেন্নাইতে ইম্প্যাক্ট প্লেয়ারের ভূমিকায় দেখা যেতে পারে মাহিকে। মূলত এমন আশঙ্কাকে সামনে রেখেই এবার ধোনিকে অবসর নিয়ে নেওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।

ধোনিকে অবসর নেওয়ার পরামর্শ

আগামী জুলাইয়ে 45 এ পা দেবেন মহেন্দ্র সিং ধোনি। বয়সের সাথে সাথে ফিটনেসের দিক থেকেও পিছিয়ে পড়ছেন এই ভারতীয় ক্রিকেটার। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে অনুশীলন সেরে একেবারে হাপাচ্ছেন মাহি। নিজের কিটব্যাগ যেন টেনে নিয়ে যেতে পারছেন না তিনি। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই খেলোয়াড়ের ফিটনেস নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। কেউ কেউ মনে করছেন, ধোনির ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে বিদায় জানানোর সময় এসেছে বলেই সঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়কে উত্তরসূরি হিসেবে বেছে নিতে চাইছে CSK।

এবারের IPL এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে মাহিকে! এমন আশঙ্কাকে সামনে রেখে সম্প্রতি JioHotstar এ ধোনি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আকাশ চোপড়া খোলাখুলি জানান, “ডাগআউটে বসে দল পরিচালনা করা যায় না, এটা ফুটবল নয়। ক্রিকেটে আপনাকে মাঠে থাকতে হবে এবং মহেন্দ্র সিং ধোনির জন্য সবচেয়ে বড় বিষয় হলো তিনি অন্য যে কারও থেকে ক্রিকেটকে বেশি ভাল বোঝেন। এই স্বচ্ছতা এবং আত্মবিশ্বাস তাঁকে বাকিদের থেকে আলাদা করে তোলে।”

অবশ্যই পড়ুন: গ্যাসের হাহাকার! কলকাতার ৫ রুটে বাড়ল অটো ভাড়া, এবার কত হল জানুন

এদিন আকাশ এও বলেন, “আমি মনে করি এটি তাঁর শেষ মরসুম। এখন তাদের উত্তরসূরী আছে। সঞ্জু স্যামসন খুব শীঘ্রই সেই জায়গা নেবেন। এই মরসুমেই সেটা দেখা যেতে পারে। তবে ধোনির ফিটনেস এবং হাঁটুর অবস্থার উপর সবটা নির্ভর করবে। সে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে না। যদি এমনটা হয়, তাঁকে যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয় তাহলে আমি মনে করি তাঁর এখনই অবসর নেওয়া উচিত।” এদিন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার একেবারে স্বীকার করে নিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ফিটনেস জনিত সমস্যার পাশাপাশি হাঁটুর সমস্যায় ভুগছেন মাহি। এখন প্রশ্ন, আকাশ চোপড়ার এমন বক্তব্যের পর কি সত্যিই অবসর নিয়ে নেবেন ক্যাপ্টেন কুল?

google button