দেবের সভার জন্য ডালখোলার স্কুলে বাতিল পরীক্ষা! শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন

Published:

Karandighi

প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), আর সেই নির্বাচনকে সামনে রেখে উঠে পড়ে লেগেছে সকল রাজনীতিবিদরা। তবে ভোটের ময়দানে লড়াই শুধু মতাদর্শের নয়, এখন তা অনেকটাই ‘অপটিক্স’ এর উপরও নির্ভর করছে। কে কতটা জনসাধারণের চোখে পড়ছেন, কে কতটা স্পটলাইট কাড়তে পারছেন, সেই হিসেবেই যেন তৈরি হচ্ছে জনমত। কিন্তু এবার তৃণমূলের (TMC) প্রচারে করণদিঘীতে (Karandighi) দেবের সভায় দেখা গেল ভিন্ন চিত্র। প্রিয় অভিনেতাকে একটিবার চোখের দেখা দেখতে স্কুলের পরীক্ষা বাতিল করে ভিড় জমাল ছাত্র ছাত্রীরা।

স্কুলের পরীক্ষা বাতিল দেবের সভার জন্য

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ সোমবার, ডালখোলা হাইস্কুলের মাঠে উত্তর দিনাজপুরের করণদীঘি তৃণমূল প্রার্থী গৌতম পালের সমর্থন করতে এসেছিলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। তাঁকে দেখার জন্য আট থেকে আশি সকলেই মুখিয়ে ছিলেন। এদিকে ওইদিন স্কুলগুলিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা চলছে। এই অবস্থায় দেবের আগমনে সেখানকার ডালখোলা হাইস্কুলে পরীক্ষার ছন্দপতন ঘটল। ডালখোলা হাইস্কুলের পরীক্ষা বাতিল করে পরীক্ষার্থীরা স্টেট ফার্ম কলোনি মাঠে ভিড় করেছিল দেবকে দেখার জন্য। যার দরুন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। আর তাতেই আগুনে ঘি ঢাললেন সেখানকার বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস।

ক্ষোভ প্রকাশ বিজেপি প্রার্থীর

বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস অভিযোগ করেছেন যে, “এমনিতেই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিতে ভর্তি, তার উপর এখন ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও ছিনিমিনি করছে তৃণমূল। তারই বহিঃপ্রকাশ দেখা গেল দেবের নির্বাচনী প্রচার। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা চলা সত্ত্বেও দেবের এই আগমনে রীতিমত পরীক্ষা ফেলে ছাত্র ছাত্রীরা দেবকে দেখার জন্য চলে গেল। আমি জেলাশাসককে এই বিষয়ে জানিয়েছি, এবং অপদার্থতার চোখে আমি এই বিষয়টি দেখছি।” যদিও ওই স্কুলের সহ প্রধান শিক্ষক জানিয়েছেন থানা থেকে চিঠি আসায় বাতিল করা হয়েছিল পরীক্ষা, তবে ওই দিনের পরীক্ষা অন্য কোনো দিন নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

চরম বিশৃঙ্খলা ইসলামপুরে

উত্তর দিনাজপুরের শুধু করণদীঘি নয় ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব ইসলামপুরেও গিয়েছিলেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে। কিন্তু সেখানে ভয়ংকর বিশৃঙ্খলার মুখোমুখি হতে হয়েছিল। অভিযোগ, হেলিকপ্টার থেকে নামতেই চারদিক থেকে তাঁকে ঘিরে ফেলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক এবং স্থানীয় নেতারা। বিশৃঙ্খলায় শেষে তিস্তা মোড় থেকেই কানাইয়াকে ছেড়ে অন্য গাড়িতে বেরিয়ে যান দেব। আরওএই অতিরিক্ত ভিড়ের জেরে সাধারণ মানুষ প্রায় কেউই দেবকে দেখা তো দূরের কথা, কাছে যাওয়ারও সুযোগও পাননি। শেষে হতাশ হয়ে ফিরতে হয় বহু দেব-ভক্তকে। অনেকেই এই ঘটনায় ক্ষুব্ধতা প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: বাংলার ভোটে নতুন সমীকরণ! উত্তর-দক্ষিণবঙ্গে কড়া টক্কর তৃণমূল-বিজেপির, সমীক্ষায় চমক

ক্ষমা চাইলেন দেব

তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বলেন, “এত মানুষের ভিড় হবে তা কল্পনা করা যায়নি। যে কোনও ধরনের দুর্ঘটনা হলে আরও বড় বিপদ হয়ে যেত। কানকি এবং ডালখোলায় দুটি কর্মসূচি থাকার কারণে দেবকে বেরিয়ে যেতে হয়েছিল।” অন্যদিকে দেবও গোটা ঘটনায় ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। তিনি বলেন, “আমি প্রচারে এসেছিলাম। কিন্তু র‌্যালি শেষ করতে পারলাম না। এর জন্য দুঃখিত। প্রচুর মানুষ এসেছিলেন দেখবেন বলে। কিন্তু পরপর যেহেতু প্রচার রয়েছে তাই সেই কারণেই আমায় র‌্যালি না করে বেরিয়ে আসতে হল।” এদিকে ভোটের মুখে সাধারণ মানুষের এই ক্ষোভ ভোট ব্যাংকেও পরার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

google button