সহেলি মিত্র, কলকাতাঃ শুধু অপেক্ষা আর অপেক্ষা। এমনিতেই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik Pariksha 2026) নিয়ে সকল পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে এক চাপা উত্তেজনা, টেনশন কাজ করছে। তার ওপর ভোটের জন্য মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Result 2026) বেরোতেও দেরি হচ্ছে। ফলাফল কেমন তা ভেবে ভেবেই অনেক পড়ুয়ার রাতের ঘুম উড়ে গিয়েছে। তবে আর টেনশন নয়, কারণ রেজাল্ট কবে বেরোবে, তা নিয়ে বড় আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ। আপনার সন্তানও কি এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে? তাহলে বিশদে জেনে নেবেন।
কবে বেরোচ্ছে মাধ্যমিকের রেজাল্ট?
চলতি বছর ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। সাধারণ পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় রেজাল্ট বেরোয়। তবে যেহেতু এবারে বাংলায় বিধানসভা ভোট রয়েছে। ফলে কবে রেজাল্ট বেরোবে তা নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে সকলের মধ্যে। এদিকে এখন শোনা যাচ্ছে, আগামী ৪ মে রয়েছে ভোটের ফলাফল। সেখানে মে মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ রাজ্যের আবেদনে সাড়া, DA মামলার শুনানির দিনক্ষণ স্থির করল সুপ্রিম কোর্ট
যদিও এই নিয়ে চূড়ান্ত আপডেট দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।তিনি জানিয়েছেন, দেরি হচ্ছে ঠিকই কিন্তু সময়ের মধ্যেই ফলপ্রকাশ করা হবে। এদিকে যত ভোটের দিনক্ষণ এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে সর্বত্র। নিয়ম অনুযায়ী, যেদিন মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়, সেদিনই স্কুল থেকে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। কিন্তু এখন অনেক স্কুলেই পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার থেকেই একাধিক সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে ভোটের জন্য। এহেন পরিস্থিতিতে কবে কীভাবে রেজাল্ট বেরোবে, আদৌ রেজাল্ট বিতরণ করা সম্ভব হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মাঝখান থেকে অপেক্ষা দীর্ঘ হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের।
রেজাল্ট কীভাবে চেক করবে?
দিনক্ষণ ঘোষণা না হলে আগে থেকে জেনে রাখা ভালো কীভাবে ফলাফল চেক করা যাবে সে সম্পর্কে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিকের রেজাল্ট জানতে wbresults.nic.in, wbbse App এবং wbbse.wb.gov.in ভিজিট করতে হবে। দশম শ্রেণির ফলাফল ২০২৬ দেখার জন্য ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখের প্রয়োজন হবে। করতে হবে লগ ইন।


