কিছুক্ষণেই ঝড়ের সঙ্গে ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর এখনও পর্যন্ত ব্যাপক গরম অনুভূত হয়নি। কারণ এপ্রিল থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দফায় দফায় চলছে বৃষ্টি (Rain) আর কালবৈশাখীর দাপট। ফলে নিয়ন্ত্রণে রয়েছে আবহাওয়া। আগামীকালও (Weather Tomorrow) থাকবে উত্তর (North Bengal) এবং দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির দাপট। তবে সেই স্বস্তি খুব বেশি দিন নেই, কারণ দুর্যোগের মাঝেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চড়চড় করে বাড়তে চলেছে তাপমাত্রা। এমনকি জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে চরমে।

আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। এই মুহূর্তে পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় থাকা একটি উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত এখন উপ-হিমালয় পশ্চিমবঙ্গের দিকে সরে এসেছে। পাশাপাশি পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা পুনরায় সক্রিয় হয়েছে। আর এই দুই সিস্টেমের সঙ্গে ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে বঙ্গে। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। আজও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই চার জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বেশ কয়েক জেলায় ঘন মেঘের আনাগোনা দেখা যাবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টির মাঝেও গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে।

আরও পড়ুন: আজ থেকে বাংলায় চালু আয়ুষ্মান ভারত যোজনা, কীভাবে আবেদন করবেন জানুন

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।এছাড়াও বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে। তবে শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাতে। পরবর্তী দু-তিনদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।