ট্রাম্পের মতোই চুল! বাংলাদেশের ভাইরাল মহিষটিকে দেখতে এবার কাটতে হবে টিকিট

Published:

Bangladesh Viral Buffalo

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ, 28 মে ভারতে পালিত হচ্ছে ইদ-উল-আদহা। ঠিক সেই আবহে, ফের শিরোনামে বাংলাদেশের এক বিখ্যাত মহিষ (Bangladesh Viral Buffalo)। বিখ্যাত কারণ, তার বিরাট আকার এবং মুখের আদলের সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের মিল খুঁজে পেয়েছেন বহু মানুষ। আর সে কারণেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল অ্যালবিনো প্রজাতির ওই মহিষ। শোনা যাচ্ছে, এবার সেই বিরল প্রজাতির প্রাণীটিকে রাখা হচ্ছে বাংলাদেশের মিরপুর চিড়িয়াখানায়। সে কথাই ইতিমধ্যেই জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি।

ট্রাম্প সদৃশ মহিষকে দেখতে ভিড় জমাতেন স্থানীয়রা

বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল ওই মহিষকে দেখতে প্রতিদিন তার খামারে হাজির হতেন দূরদূরান্ত থেকে আসা বহু মানুষ। মূলত সোশ্যাল মিডিয়ায় দেখার পরই প্রাণীটিকে একবার চোখের দেখা দেখতে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতেন তাঁরা। এর ফলে মহিষটির আগের মালিক জিয়াউদ্দিন মৃধার বাড়িতে পা রাখার জায়গা থাকতো না! তাঁদের মধ্যে কেউ কেউ রসিকতার ছলে, ওই মহিষটিকে ট্রাম্পের সাথে তুলনা করতেন।

আসলে, মহিষটির ফ্যাকাসে চামড়া এবং হালকা হলুদ রঙের চুলের কারণে তার সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল পেয়েছেন অনেকেই। এ প্রসঙ্গে জিয়াউদ্দিন জানিয়েছিলেন, “আমাদের মহিষটার অমন রূপ দেখে ছোট ভাই ওকে প্রথম মার্কিন প্রেসিডেন্টের নামে ডাকে। ওই মহিষটি অ্যালবিনো প্রজাতির।” সেই সাথে তিনি এও জানান, প্রাণীটিকে উত্যক্ত করা না হলে সে শান্তই থাকে।

ট্রাম্পরূপী মহিষ এবার জায়গা পাবে চিড়িয়াখানয়!

শোনা গিয়েছিল, আগেই বিক্রি হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে ভাইরাল মহিষটি। তবে ইদ আসার ঠিক আগেই বাংলাদেশ সরকার অ্যালবিনো প্রজাতির ওই মহিষটির কুরবানির স্থগিত করে দেয়। পরিবর্তে সরকারের তরফে জানানো হয়, এই ভাইরাল মহিষ এবার থেকে মিরপুরের চিড়িয়াখানায় জায়গা পাবে। সেই মর্মেই, গতকাল অর্থাৎ বুধবার ইদের কুরবানির ঠিক আগে ঢাকার কেরানীগঞ্জ জিনজিরা এলাকা থেকে ওই মহিষের ক্রেতা মনিরুজ্জামানের বাড়ি থেকে মহিষটিকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। এবার তার জায়গা হবে চিড়িয়াখানায়। সেখানেই টিকিট কেটে মহিষটিকের দেখে আসতে পারবেন দর্শকরা।

 

অবশ্যই পড়ুন: জুলাই থেকে আয়ুষ্মান ভারত কার্ড, কীভাবে আবেদন? জানুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি

প্রসঙ্গত, চার বছর বয়সী অ্যালবিনো প্রজাতির এই মহিষের ওজন প্রায় 700 কেজি। গোলাপি, ফ্যাকাশে চামড়া এবং মাথায় ঢেউ খেলানো সাদা-সোনালি লোম প্রাণীটিকে কার্যত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো বানিয়ে দিয়েছে বলেই মনে করেন অনেকে। আর এই খবর যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে পৌঁছে গিয়েছে সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।।