প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখে গরমের দাপট খুব বেশি অনুভূত না হলেও, জ্যৈষ্ঠের উত্তাপে হাঁসফাঁস দশা কলকাতায়। একেটেই ভ্যাপসা গরম তার উপর তীব্র রোডের দাপটে রীতিমত নাজেহাল সকলে। এইমুহুর্তে তাই প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন, বৃষ্টি নামবে কবে? তবে কলকাতায় আপাতত ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস মাঝেমধ্যে দু’-এক জায়গায় অতি সামান্য কয়েক পশলা বৃষ্টি হলেও তাতে গরম কমবে না। উল্টে আগামী কয়েকদিন (Weather Tomorrow) গরমের পরিমাণ বাড়বে
আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে, তা এখন দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। তাই সমগ্র উত্তরবঙ্গ এবং দক্ষিণের কিছু কিছু অংশে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও উত্তরবঙ্গে গরম না থাকলেও দক্ষিণবঙ্গে গরম যেন দিন দিন বেড়েই চলেছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, সকাল থেকেই কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে গরমের দাপট একদমই কমবে না। ভ্যাপসা গরমের দাপট বেশ বজায় থাকবে। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় বৃষ্টি হলেও সেখানেও গরমের অস্বস্তি থাকবে বেশি। উত্তর ২৪ পরগনায় আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন: খাস কলকাতায় ‘ডাইনো ওয়ার্ল্ডস’, গরমের ছুটিতে ঘুরে আসুন বাচ্চাদের নিয়ে, জানুন ঠিকানা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ভরপুর গরম থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে আগামীকালও ভারী বৃষ্টি হবে। এছাড়াও অতি ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতেও। তবে শুধু বৃষ্টি নয়, উত্তরের সমস্ত জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত এমনই থাকবে সেখানকার আবহাওয়া।










