SIR-এ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে মাধ্যমিকের অ্যাডমিট? জানাল সুপ্রিম কোর্ট

Published:

Supreme Court Of India
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার, সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) শুনানিতে নির্বাচন কমিশনের তরফে ফের উল্লেখ করা হয় বাংলার SIR মামলার প্রসঙ্গ। সেখানেই কমিশনের আইনজীবী ডিএস নাইডু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। আর তারপরেই দেশের শীর্ষ আদালতের বিচারপতি জানিয়ে দিলেন ঠিক কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষার অ্যাডমিট।

কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে মাধ্যমিকের অ্যাডমিট?

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে কমিশনের আইনজীবী মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে দেখানোর ক্ষেত্রে কিছুটা আশঙ্কা প্রকাশ করলেও সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট জানিয়ে দেন, আগেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করার কথা বলা হয়েছিল। এর অন্যতম কারণ মাধ্যমিক পাশের সার্টিফিকেটে জন্মের তারিখ উল্লেখ থাকে না। অন্যদিকে মাধ্যমিকের অ্যাডমিটে সেটির উল্লেখ রয়েছে। সে বিষয়ে বিচারকরাও অবগত। তাই সার্টিফিকেটের সাথে এই নথির প্রয়োজন পড়বে।

বিচারপতির এমন বক্তব্য শুনে কমিশনের আইনজীবী জানিয়ে দেন, আধার কার্ডের মতো একক নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট ব্যবহার করা যায় না। সে কথা শুনে বিচারপতি জয়মাল্য ভাবছি স্পষ্ট জানান, “মাধ্যমিক পাশের সার্টিফিকেটের কথা আমরা আলাদাভাবে উল্লেখ করিনি। কারণ সেটা নথির মধ্যেই রয়েছে। তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাকে সাপ্লিমেন্ট করবে।” এর অর্থ একজন ভোটার যদি নথি হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট দেখান তাহলে বয়স এবং বাবার নাম যাচাইয়ের জন্য তাঁকে ওই নথির সাথে সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দেখাতে হবে। তবে শুধুমাত্র অ্যাডমিট কার্ড একটি স্বয়ংসম্পূর্ণ নথি হিসেবে গ্রহণ করা হবে না।

অবশ্যই পড়ুন: রাজ্য সরকারের কর্মকর্তার বাড়ি থেকে উদ্ধার নগদ ৪ কোটি সহ প্রচুর সোনা

মাধ্যমিকের অ্যাডমিট এমন বহু ছাত্রছাত্রীর কাছে রয়েছে যাঁরা মাধ্যমিক পরীক্ষায় উত্তির্ন হতে পারেননি। এক্ষেত্রে বিচারপতির বক্তব্য, এমন বিষয় নিয়মের চাহিদা পূরণ করার ক্ষেত্রে ব্যর্থ। এরপরই সব পক্ষের মতামত শুনে আদালত জানিয়ে দেয়, 15 ফেব্রুয়ারির আগে যেসব নথি জমা পড়েছিল ইআরও এবং এইআরওদের কাছে, সেইসব নথি আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দিতে হবে। সেক্ষেত্রে বয়স এবং অভিভাবকের নাম অর্থাৎ অভিভাবকত্বের প্রমাণ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট এর সাথে অ্যাডমিট কার্ড পেশ করা যেতে পারে। এক কথায় বলতে গেলে, বয়স এবং অভিভাবকত্বের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে অ্যাডমিট, এমনটাই বলছে দেশের সর্বোচ্চ আদালত।