ভারতীয় সেনার জন্য আসছে মাহিন্দ্রার থার বেসড নতুন ATV গাড়ি, জানুন বিশেষত্ব

Published:

Mahindra Thar Roxx Based ATV car

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বাজারে একচেটিয়া রমরমা ধরে রেখেছে মহিন্দ্রার বিভিন্ন মডেলের গাড়ি (Mahindra Thar Roxx Based ATV)। সেই তালিকায় একেবারে প্রথম দিকেই রয়েছে স্করপিও, বোলেরো এমনকি XUV এর মতো সংস্করণ। তবে সাম্প্রতিক বছরগুলিতে দেশবাসীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মহিন্দ্রা থার। রাস্তায় এই গাড়ি নিয়ে চলাচলের সময় সেটি নজর কাড়ে আশপাশের পথ চলতি মানুষের। এবার সেই থারেরই বিশেষ সংস্করণ মহিন্দ্রা থার রক্স ভিত্তিক এটিভিটি আসতে চলেছে বাজারে। তবে এই গাড়িটি তৈরি হচ্ছে ভারতীয় সেনার কথা ভেবে। শত্রুর ঘুম উড়িয়ে পাহারায় যাতে কোনও কমতি না থাকে সেজন্যেই মহিন্দ্রা থার রক্স বেসড টেকটিক্যাল ভেহিকেল মাহিন্দ্রা এটিভি পেতে চলেছে সেনা।

মহিন্দ্রা থার রক্স ভিত্তিক এটিভি এর ছবি পোস্ট খোদ আনন্দ মাহিন্দ্রার

গত 4 মে, নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় সেনার কথা ভেবে বিশেষভাবে তৈরি মহেন্দ্র থার রক্স এটিভির কয়েকটি ছবি পোস্ট করেছেন খোদ আনন্দ মহিন্দ্রা। সেখানে তিনি জানিয়েছেন, বেঙ্গালুরুর সংস্থা প্রাড ফোর বাই ফোরের সহযোগিতায় এই গাড়িটি তৈরি করা হয়েছে। আনন্দ লিখেছেন, “আমাদের মহিন্দ্রা এটিভি আপনাদের সামনে তুলে ধরছি। এতে আলাদা করে কিছু নেই। কোনও অলংকরণ নেই। এই গাড়িটিতে রয়েছে শুধু নির্দিষ্ট কিছু সক্ষমতা। এতে প্রতিটিবার, প্রত্যেক মাউন্ট, প্রতি ইঞ্চি ক্লিয়ারেন্সের কাজ করা হয়েছে।”

আনন্দ আরও লিখলেন, “এয়ার ড্রপের জন্য প্রস্তুতি থেকে শুরু করে মিশন গ্রেড সুরক্ষা, গান মাউন্ট, টোটাল আন্ডার বডি সুরক্ষা, ট্যান্ডেম টায়ার কেরিয়ার কনফিগারেশন, একটি উইন্ডশিল্ড প্রটেক্টর, জেরিক্যান হোল্ডার থেকে শুরু করে একটি ফ্রন্ট উইঞ্চ রয়েছে এই গাড়িতে। আর পাঁচটা থারের মতো এই গাড়িতে আলাদা করে জানলা দরজা ফিট করা নেই। বরং গাড়িটির চারিপাশ কার্যত সম্পূর্ণ উন্মুক্ত। এই গাড়ি আমরা আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য বিশেষভাবে তৈরি করেছি। তাদের সেবা দিতে পেরে আমরা সত্যিই গর্বিত। এই গাড়ি আমার কাছে একটি বিশেষ মেশিনের থেকে অনেক বড় কিছু।”

 

অবশ্যই পড়ুন: বাংলার স্কুলগুলিতে পিছিয়ে যাবে গরমের ছুটি? বড় দাবি শিক্ষকদের

মহিন্দ্রা এটিভির প্রধান বিশেষত্ব

ভারতীয় সেনাবাহিনীর কথা চিন্তা করে মহিন্দ্রা থার রক্স ভিত্তিক যে নতুন সংস্করণের গাড়িটি তৈরি করা হয়েছে সেই এটিভিতে থাকছে 2.2 লিটারের ইঞ্জিন। যা সর্বোচ্চ 172HP শক্তি এবং 400Nm পিক টর্ক উৎপন্ন করতে পারে। একই সাথে এই গাড়িটিতে আলাদা করে রুফ বা ছাদ এবং কেবিনের বদলে একটি বড় রোল কেজ ব্যবহার করা হয়েছে। যার দুই প্রান্তে হেভি ডিউটি টো শ্যাকল এবং ধাতব ও বাম্পার রয়েছে। সঙ্গে পেছনের দিকে রয়েছে টায়ার কেরিয়ার, জেরিক্যান হোল্ডারের মতো বিষয়গুলিও। বিমান থেকে প্যারাসুটে যুদ্ধের ময়দানে কিংবা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সাঁজোয়া যান পাঠানো হয়ে থাকে। এই গাড়িটিও এয়ার ড্রপের জন্য পুরোপুরি প্রস্তুত। এই গাড়িটিতে রয়েছে বিশেষ গ্রেড টায়ার যুক্ত স্টিলের চাকা। যার সাহায্যে পাথুরে বা প্রত্যন্ত অঞ্চলেও সহজেই চলাফেরা করতে পারবে গাড়িটি।