বিক্রম ব্যানার্জী, কলকাতা: আয়কর ব্যবস্থা আরও সহজ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার (Pan Card Rules Change)। সেই লক্ষ্যেই আগামী পহেলা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে একটি নতুন আয়কর আইন। আর এই আইনের অধীনেই প্যান কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে আসছে বদল। ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে রেস্তোরার বিল এমনকি গাড়ি কেনা ও সম্পত্তি বিক্রির ক্ষেত্রেও কার্যকর হবে নতুন নিয়মগুলি। এক নজরে দেখে নিন আগামী 1 তারিখ থেকে কোন কোন নিয়ম চালু হচ্ছে!
1 এপ্রিল থেকে প্যান কার্ড সংক্রান্ত নিয়মে বড় বদল
প্রথম পরিবর্তন
নতুন প্যান কার্ড নেওয়ার কথা ভেবে থাকলে আগামী পহেলা এপ্রিল থেকে চালু হওয়া নিয়ম মানতেই হবে। আসলে এতদিন শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই ই প্যান পাওয়া যাচ্ছিল। তবে ভারত সরকারের নতুন আয়কর সংক্রান্ত নিয়মে এবার থেকে প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে আধারের সাথে সাথে বার্থ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে দশম শ্রেণীর মার্কশিট অথবা ভোটার কার্ডের মতো নথি ব্যবহার করা যেতে পারে। একই সাথে, প্যান কার্ড এবং আধার কার্ডে থাকা নাম এক হতে হবে। যদি কারও নামে ভুল থাকে সেক্ষেত্রে সেটি পহেলা এপ্রিলের আগে সংশোধন করে নিন।
দ্বিতীয় পরিবর্তন
কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে হোটেল বা রেস্তোরাঁর বিল অর্থাৎ মোট ব্যয়, কনভেনশন সেন্টার এমনকি ইভেন্ট ম্যানেজমেন্টের বিল যদি 1 লাখ টাকার বেশি হয়, সে ক্ষেত্রে অবশ্যই প্যান কার্ডের জেরক্স জমা দিতে হবে। এই নিয়ম প্রত্যেকের জন্য বাধ্যতামূলক।
তৃতীয় পরিবর্তন
আর্থিক লেনদেনের ক্ষেত্রেও বদলে যাচ্ছে নিয়ম। আগামী পহেলা এপ্রিল থেকে যদি কেউ নগদ 10 লাখ টাকা বা তারও বেশি জমা কিংবা উত্তোলন করেন অর্থাৎ লেনদেন করেন সেক্ষেত্রে প্যান নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক। একই সাথে ব্যাঙ্কে 50 হাজার টাকার বেশি জমা দেওয়ার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। যদিও একটি আর্থিক বছরে 10 লাখ টাকার কম নগদ লেনদেনের ক্ষেত্রে প্রয়োজন হয় না প্যান কার্ড।
অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ায় জায়গা পেতে মরিয়া, KKR এ নতুন ভূমিকায় দেখা যেতে পারে এই প্লেয়ারকে
চতুর্থ পরিবর্তন
আগামী পহেলা এপ্রিল থেকে যদি কোনও ব্যক্তি 5 লাখ টাকার বেশি মূল্যের যানবাহন অর্থাৎ গাড়ি বা বাইক কেনেন সেক্ষেত্রে তাঁকে প্যান কার্ডের নম্বর বা প্যান কার্ডের জেরক্স জমা দিতেই হবে। তবে গাড়ির মূল্য যদি 4 লাখ 99 হাজার 990 টাকাও হয় সেক্ষেত্রে লাগবে না প্যান নম্বর।












