ভোটার তালিকা থেকে বাদ ৯০ লাখের বেশি নাম! নিষ্পত্তির কাজ শেষে হিসাব প্রকাশ কমিশনের

Published:

Election Commission Of India

প্রীতি পোদ্দার, কলকাতা: আর কদিন পরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। এমতাবস্থায় অবশেষে বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের তথ্য নিষ্পত্তির কাজ শেষ হল। গতকাল, সোমবার রাতে ১২তম এবং শেষ অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন (Election Commission Of India)। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম। জানা গিয়েছে, এই পর্যন্ত তালিকায় থাকা ভোটারেরাই ভোট দিতে পারবেন। তবে সুপ্রিম কোর্ট (Supreme Court) যদি নতুন কোনও নির্দেশ দেয়, তবে পুনরায় ভোটার তালিকায় কিছু সংযোজন হতে পারে।

বাদ পড়ার সংখ্যা ৯০ লক্ষ ছাড়াল!

গত ২৮ ফ্রেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় ৬০ লক্ষের কিছু বেশি নাম বিবেচনাধীন ছিল। এবং নাম বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ‘চূড়ান্ত’ করে দেওয়া বিচারকেরাই বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তি করেছেন। তাতেই বিবেচনাধীন তালিকা প্রকাশিত হওয়ার পর বাদ পড়ল ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩। অর্থাৎ, মোট বাদ পড়ার সংখ্যা ৯০ লক্ষ ছাড়াল। এদিকে বিবেচনাধীন ভোটার তালিকা থেকে নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের।

ই-স্বাক্ষর করা হয়নি ২২ হাজারেরও বেশি

কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। কিন্তু বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের ই-স্বাক্ষর করা হয়নি। আশঙ্কা করা হচ্ছে ওই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের তালিকায় যেমন আরও কিছু নাম যুক্ত হতে পারে ঠিক তেমনই আবার ভোটার তালিকাতেও আরও কিছু নাম যুক্ত হতে পারে। যাঁদের নাম বাদ পড়ছে, তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। অনলাইন এবং অফলাইন দু’ভাবে ট্রাইবুনালে আবেদন করতে পারবেন বাদ পড়া ভোটারেরা।

সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে কোন জেলা?

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিবেচনাধীন তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। এবং ওই জেলায় বিবেচনাধীন ভোটারদের মধ্যে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ পড়েছে। এরপরেই তালিকায় উঠে আসছে উত্তর ২৪ পরগনা। সেখানকার বিবেচনাধীন ভোটারদের মধ্যে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের নাম বাদ পড়েছে। এছাড়াও মালদহে বাদ পড়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জন। বিবেচনাধীনদের তালিকা প্রকাশ্যে আসার আগে জেলা অনুযায়ী পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিল মোট ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনের নাম। বর্তমানে এই তালিকায় যুক্ত হল আরও ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম।

আরও পড়ুন: লাগবে না কনফার্ম টিকিট, হাওড়া-শিয়ালদা থেকে উত্তরবঙ্গর একাধিক ট্রেন দিল রেল

প্রসঙ্গত, SIR নিরিখে সবচেয়ে বেশি নাম বাদ যাওয়ার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে প্রায় ২ কোটিরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এরপরেই পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে ২ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইবুনাল চালু হওয়ার কথা ছিল। ১৯ জন বিচারপতি ভোটারদের আপিল নিষ্পত্তি করছেন। কিন্তু নির্ধারিত দিন থেকে তা চালু হয়নি। পরে তা চালু হলেও এখনও পর্যন্ত কত জন আবেদন করতে পেরেছেন বা কত জনে নিষ্পত্তি হয়েছে, তা জানা যায়নি। তবে গত ৩০ মার্চের পর কেউ যদি ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেন, তাহলে তা এ বারের ভোটের জন্য গ্রাহ্য হবে না বলে আগেই জানিয়েছিল কমিশন।

google button