প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের নির্ঘণ্ট (West Bengal Election 2026) বেজে গিয়েছে রাজ্য জুড়ে। তাই নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই মানুষের মধ্যে বাড়ছে এক চাপা রাজনৈতিক উত্তেজনা। দিন রাত এক করে রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে একের পর এক জেলায় প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছে। তৃণমূল (Trinamool Congress) নাকি বিজেপি (Bharatiya Janata Party) কে সরকার গড়বে তা নিয়ে তর্ক বিতর্ক লেগেই রয়েছে। আর এসবের মাঝে এবার বাংলা নিয়ে জনমত সমীক্ষা প্রকাশ করল ‘ম্যাট্রিজ’ (Matrize)। যেখানে দাবি করা হচ্ছে, আসন্ন নির্বাচনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে আসন নিয়ে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।
নির্বাচন নিয়ে ম্যাট্রিজের জনমত সমীক্ষা
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোন দল এগিয়ে আর কোন দল পিছিয়ে তা নিয়ে নানারকম প্রশ্ন উঠছে রাজ্যের কোনায় কোনায়। অনেকেই বলছে তৃণমূল সরকারই চতুর্থবার সরকার গঠন করবে তবে অনেক কমবে আসন। তবে ম্যাট্রিজ সার্ভে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল। দাবি করা হচ্ছে আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৪৩ শতাংশ ভোট পেয়ে ১৪০ থেকে ১৬০টি আসন জিততে পারে। অন্যদিকে, বিজেপি ৪১ শতাংশ ভোট পেয়ে ১৩০ থেকে ১৫০টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাম-কংগ্রেস ও অন্যান্য দলগুলো ১৬ শতাংশ ভোট পেতে পারে। অর্থাৎ সরকার গঠনের ক্ষেত্রে এবার অন্যান্য দলগুলি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।
দক্ষিণবঙ্গে কে বেশি আসন পাবে?
জেলা বিশেষেও আসন নিয়ে এক বিশেষ সমীক্ষা করেছে ম্যাট্রিজ। দাবি করা হয়েছে, দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে। অর্থাৎ তৃণমূল পেতে পারে ৯৫ থেকে ১০০টি আসন এবং বিজেপি পেতে পারে ৭৫ থেকে ৮০টি আসন। হয়ত অন্যান্য দলগুলির ঝুলিতে যেতে পারে ৪ থেকে ৮টি আসন। ভোটের নিরিখে বিজেপি ৩৭ শতাংশ ভোট পেতে পারে, তৃণমূল পেতে পারে ৪৪ শতাংশ এবং অন্যান্য দলগুলি সব মিলিয়ে পেতে পারে প্রায় ১৯ শতাংশ ভোট।
রাঢ় অঞ্চল ও উত্তরবঙ্গে কে এগিয়ে?
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতেও এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস। এই অঞ্চলের ৫৭টি আসনের মধ্যে ৩৭ থেকে ৪০টি পেতে পারে তৃণমূল। বিজেপি পেতে পারে ১৭ থেকে ২০টি আসন। ভোটের নিরিখে তৃণমূল পাবে ৪৩ শতাংশ এবং বিজেপি পেতে পারে ৪২ শতাংশ ভোট। তবে উত্তরবঙ্গে রাজ করতে পারে বিজেপি। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও মালদহ সহ উত্তরবঙ্গের ৫৪টি আসনে প্রধান শক্তি হিসেবে উঠে আসছে বিজেপি। কারণ বিজেপি পেতে পারে ৩০ থেকে ৩৩টি আসন। তৃণমূল পেতে পারে মাত্র ১৭ থেকে ২০টি আসন। এছাড়া অন্যান্য দলগুলি সেখানে ২ থেকে ৫টি আসনে জিততে পারে।
আরও পড়ুন: ভোটার তালিকা থেকে বাদ ৯০ লাখের বেশি নাম! নিষ্পত্তির কাজ শেষে হিসাব প্রকাশ কমিশনের
উল্লেখ্য, ম্যাট্রিজ সার্ভে দাবি করছে উত্তরবঙ্গে ভোটের নিরিখে তৃণমূল পেতে পারে ৪০ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৪৩ শতাংশ ভোট। আর অন্যান্য দলগুলি সব মিলিয়ে সেখানে উল্লেখযোগ্য ১৭ শতাংশ ভোট পেতে পারে। অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপির মধ্যে লড়াই এখন আক্ষরিক অর্থেই কাঁটায় কাঁটায়। একেকজন দেখার এই সমীক্ষা কতটা কার্যকর হয়।












