বয়স কমিয়ে খেলছেন বৈভব সূর্যবংশী? প্রমাণ দিচ্ছে BCCI-র রিপোর্ট

Published:

Vaibhav Sooryavanshi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। বর্তমানে ভারতীয় ক্রিকেটে নামটা প্রথম সারিতেই থাকে। আজকাল যে ম্যাচেই নামছেন সেখানেই নিজেকে মেলে ধরছেন এই ভারতীয় ক্রিকেটার। সম্প্রতি 15 বছরের সিঁড়িতে পা রেখেছেন বিহারের ভূমিপুত্র। তবে ব্যাট হাতে বারবার নিজেকে প্রমাণ করা সত্ত্বেও বৈভবের বয়স নিয়ে প্রশ্ন ওঠে চিরকাল। অনেকেই বলেন, বয়স কমিয়ে খেলছেন বৈভব! কারও দাবি, 15 বছর নয় বরং বৈভবের বয়স 18 বছরেরও বেশি। তাঁর পরিবার বৈভবের বয়স খাতায় কলমে কমিয়ে রেখেছে! এ সব মন্তব্য কতটা সত্যি? ভারতীয় ক্রিকেট বোর্ডের পরীক্ষায় মিলেছিল সেই উত্তর।

সত্যিই বয়স কমিয়ে খেলছেন বৈভব?

প্লেয়ারদের বয়স নির্ধারণের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ধরনের হাড়ের পরীক্ষা হয়। আজ থেকে বছর সাতেক আগে সেই পরীক্ষা দিয়েছিলেন বৈভব। সদ্য ভাইরাল হয়েছে সেই পুরনো রিপোর্ট। বলাই বাহুল্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের বয়স নির্ধারণী যে পরীক্ষায় অংশ নিয়েছিলেন বৈভব সেই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সে সময় বৈভবের বয়স ধরা পড়েছিল সাড়ে আট বছর। এদিকে BCCI এর আরও দুটি ভিন্ন পরীক্ষায় যথাক্রমে বৈভবের বয়স 10 বছর চার মাস এবং 10 বছর এক মাস দেখা গিয়েছিল।

এমন রিপোর্ট দেখে অনেকেই মনে করছেন সত্যিই বয়স কমিয়ে ক্রিকেট খেলতে নেমেছেন বৈভব। তবে বোর্ডের নিয়ম অন্য কথা বলে। BCCI বলছে, বয়সের পরীক্ষায় যদি কারও আসল বয়সের সঙ্গে পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের বয়সের ব্যবধান দু বছর বা তার আশেপাশে থাকে তবে সেটা সঠিক। এক্ষেত্রে কোনও ভুল নেই। ফলে বলাই যায়, বৈভব নিজের বয়স কমিয়ে খেলছেন না। সে কথাই এতদিন বারবার গলা ফাটিয়ে বলে এসেছেন ভারতীয় ক্রিকেটারের বাবা।

অবশ্যই পড়ুন: বিফলে গেল কাতর নিবেদন, বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোতে দিল না ইরান

উল্লেখ্য, সম্প্রতি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে গুটিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন বৈভব সূর্যবংশী। তাছাড়াও গোটা টুর্নামেন্টে দুর্দান্ত অবদান রয়েছে এই প্লেয়ারের। অনেকেই মনে করছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়েই সিনিয়রদের জাতীয় দলে জায়গা করে নেবেন বৈভব। এক্ষেত্রে বয়সটাও বাধা হবে না। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী সিনিয়র দলে খেলার জন্য একজন প্লেয়ারের ন্যূনতম বয়স হওয়া উচিত 15 বছর। গত মার্চেই 14 পূর্ণ হয়ে 15 বছরে পা দিয়েছেন বিহারের ছেলে।