বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ লজ্জা রাখবে কোথায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)? চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে আজ পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি KKR। তাই জয়ের খিদে নিয়ে আগামীকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে শাহরুখ খানের দল। এই ম্যাচ জিততে না পারলে এবছরের মতো IPL এ খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে কলকাতার। তাই জয়ের সরণিতে ফিরতে মরিয়া রাহানে বাহিনী। এখন প্রশ্ন মহেন্দ্র সিং ধোনির দলকে বধ করতে কোন একাদশ নিয়ে নামবে KKR?
বাদ পড়বেন এক বোলার!
গত পাঞ্জাব ম্যাচে বরুণ চক্রবর্তীকে বিশ্রামে রেখে তাঁর জায়গায় নামানো হয়েছিল নবদীপ সাইনিকে। তবে ভারতীয় তারকার বিকল্প হিসেবে সে অর্থে কিছুই করতে পারেননি তিনি। গত ম্যাচে বল হাতে 37 রান দিলেও একটি উইকেটও তুলতে পারেননি এই খেলোয়াড়। মূলত সে কারণেই মনে করা হচ্ছে, সাইনিকে বাদ দিয়ে তাঁর জায়গায় ফিরিয়ে আনা হতে পারে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে। কারণ আগামীকালের ম্যাচ হবে চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে। একদিক থেকে দেখতে গেলে এই চিপকেরই ঘরের ছেলে বরুণ।
খেলবেন গ্রিন?
LSG র বিরুদ্ধে গত ম্যাচে ব্যাট হাতে 32 রান করে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাছাড়াও বল করতে গিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, আগামীকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই প্লেয়ারকে বিশেষ গুরুত্ব দেবে নাইট ম্যানেজমেন্ট। KKR ভক্তদের আশা, কাল হয়তো ব্যাট হাতে রান করার পাশাপাশি বল করতে নেমে বেশ কয়েকটি উইকেট তুলবেন গ্রিন। কাজেই আগামীকালের একাদশ থেকে তাঁর বাদ পড়ার প্রশ্নই ওঠে না।
আপাতত যা খবর, নবদীপ সাইনির বদলে বরুণ চক্রবর্তীর কামব্যাক ছাড়া কলকাতার একাদশে আর খুব একটা বদল আসবে না। আসলে নাইট ম্যানেজমেন্ট একাদশে খুব একটা বদল আনতে চাইছে না। শাহরুখের ম্যানেজমেন্ট এর লক্ষ্য, একাদশের বেশিরভাগ প্লেয়ারকে নিয়মিত খেলিয়ে দলের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে। তাতে আগামী দিনে জয়ে ফিরতে সুবিধা হবে কলকাতার নাইট রাইডার্স বাহিনীর।
অবশ্যই পড়ুন: IPL ম্যাচ চলাকালীন অগ্রহণযোগ্য আচরণ, শাস্তি পাবেন RCB-র তারকা ব্যাটার?
CSK-র বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য একাদশ
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, অঙ্গকৃষ রঘুবংশী(উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, রমণদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও কার্তিক ত্যাগী। বৈভব আরোরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।












