ডলারের বিপরীতে এক ঝটকায় অনেকটা শক্তিশালী হল ভারতীয় রুপি

Published:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের অর্থনীতির জন্য বিরাট সুখবর। অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা (Indian Rupee)। ডলারের বিপরীতে মান বদল হল রুপির। মধ্যপ্রাচ্যে চলা আমেরিকা-ইরানের সংঘাত বিরতি চুক্তির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর খবর ভারতের বাজারকে আরও চাঙ্গা করল। যার জেরে আজ দিনের শুরুতেই মার্কিন ডলারের (United States Dollar) বিপরীতে প্রায় ১ টাকার বেশি ঘুরে দাঁড়িয়ে রেট দাঁড়িয়েছে ৯৪.৯৯ টাকা। বুধবার যেখানে রুপির ক্লোজিং রেট ছিল ৯৫.৫৮ টাকা, সেখানে শনিবারের এই কামব্যাক সত্যিই প্রশংসনীয়।

আমেরিকা-ইরানের শান্তি চুক্তিতেই ইতিবাচক হাওয়া

ফরেক্স ট্রেডার এবং অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে স্বস্তি ফিরে আসার মূল কারণ হল আমেরিকা এবং ইরানের মধ্যে ভূ-রাজনৈতিক সমঝোতা। বৃহস্পতিবার দুই দেশের কূটনৈতিক আলোচনায় সংঘাত বিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানো হয়েছে। আর একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে দ্বিপাক্ষিক আলোচনাও শুরু হয়েছে। এই শান্তির ইঙ্গিত বাজারে ছড়িয়ে পড়তেই গোটা বিশ্বজুড়ে নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের একচেটিয়া আধিপত্য কিছুটা খর্ব হয়েছে, যা ভারতীয় টাকাকে আরও শক্তিশালী করেছে।

অন্যদিকে জ্বালানি তেলের দামের পতন আর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সক্রিয় কিছু পদক্ষেপ রুপিকে আরও শক্তিশালী করেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১.৮১% কমে ব্যারেল প্রতি ৯২.০১ ডলার দাড়িয়েছে। আর যেহেতু ভারতকে সবথেকে বেশি পরিমাণ তেল আমদানি করতে হয়, তাই তেলের দাম কমলে ডলারের উপর চাপ কমে এবং রুপি শক্তিশালী হয়। ওদিকে এইচডিএফসি সিকিউরিটিজ রিচার্জ অ্যানালিস্ট দিলীপ পারমার জানিয়েছেন যে, রুপি আজ এশিয়ার অন্যান্য মুদ্রার তুলনায় অনেকটাই ভালো পারফর্ম করছে। তেলের দাম কমিয়ে রাখার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন: সহজ করা হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম? যা জানালেন অগ্নিমিত্রা পাল

না বললেই নয়, রুপির মান ধরে রাখার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক যেভাবে ক্রমাগত ডলার বিক্রি করছে, তার প্রভাব পড়তে শুরু করেছে ভারতের ফরেক্স রিজার্ভের উপরেও। শুক্রবার আরবিআই-র প্রকাশিত সর্বশেষ ডেটা অনুযায়ী, গত ২২ মে সমাপ্ত সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৭.৫১ বিলিয়ন মার্কিন ডলার কমে ৬৮১.৩৮৪ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। আর তার আগে সপ্তাহে এই রিজার্ভ ৮.০৯৬ বিলিয়ন মার্কিন ডলার কমেছিল।