প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই আসছে বাঙালির নববর্ষ উৎসব। বাঙালিয়ানায় মোড়া এই দিনে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল খাওয়াদাওয়া। মাছ মাংস পাতুরি (Paturi) এসব তো থাকবেই। তবে পাতুরি বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ইলিশ পাতুরি, ভেটকি পাতুরির কথা। কিন্তু জানেন কি চিংড়ি (Chingri) এবং কচু দিয়েও খুব সহজেই পাতুরি বানানো যায়, যা কিনা স্বাদে টেক্কা দিতে পারে ইলিশ, ভেটকিকেও। তাহলে চলুন দেরি না করে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কীভাবে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কচু চিংড়ির পাতুরি (Kochu Chingrir Paturi Recipe)।
কচু চিংড়ির পাতুরি রেসিপি
মূলত চিংড়ি মাছকে আমরা পোকা হিসেবে চিনলেও এর স্বাদ অনেকটাই লোভনীয়। বেশিরভাগ ক্ষেত্রে কম বেশি সকলেই চিংড়ি মাছের ভাপা কিংবা চিংড়ির কষা ঝোল খেয়ে থাকি। আবার অনেকে কচু ও পুঁই শাকেও চিংড়ি দিয়ে থাকে। তবে কচু চিংড়ির পাতুরি অনেকেই খাইনি। সবচেয়ে মজাদার ব্যাপার হল এই রান্না তৈরি করতে খুব কম সময় লাগে। তাহলে চলুন এই সুস্বাদু রেসিপি বানানো যাক। রইল পদ্ধতি।
উপকরণ
কচু চিংড়ির পাতুরি বানানোর জন্য লাগবে মানকচু বাটা, চিংড়ি মাছ, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল কুচি, সর্ষের তেল, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কলাগাছের পাতা, কাঠি।
রান্নার পদ্ধতি
প্রথমে একটি প্যানে, কলাগাছের পাতাগুলি একটু গরম জলে সেঁকে নিতে হবে। এরপর একটি মিক্সিতে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল কুচি ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, এবং তার উপর নারকেল এবং সর্ষের ওই মিশ্রণ এবং মানকচু বাটা দিয়ে দিতে হবে। ওর সঙ্গে আবার পরিমাণমত নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল এবং কাঁচালঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘণ্টা রেখে দিতে হবে।
আরও পড়ুন: গুগল ম্যাপকে টেক্কা আম্বানির জিওর, অলিগলি খুঁজে দেবে JioXplor
এরপর সেঁকে রাখা কলাপাতার উপর ম্যারিনেট করে রাখ কচু চিংড়ির মিশ্রণ একটু একটু করে দিয়ে তার উপর সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা রেখে ভালো করে মুড়িয়ে কাঠি দিয়ে আটকে দিতে হবে, এইভাবে প্রতিটা কলাপাতায় পাতুরি গুলো করে নিতে হবে। শেষে একটি প্যানে খানিক তেল গরম করে ওই পাতুরি গুলো ভেজে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি গরম গরম কচু চিংড়ির পাতুরি। গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। ছোটো থেকে বড় সকলের কাছে এই খাদ্য বেশ লোভনীয় হয় উঠবে।












