দুর্দান্ত ছন্দে দল, তাও ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুজো? বাড়ছে গুঞ্জন

Published:

Oscar Bruzon likely to Left East Bengal FC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান সুপার লিগে ভাল ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। বিগত মরসুমগুলির সাথে তুলনায় গেলে অনেকটাই এগিয়ে রয়েছে লাল হলুদ। শেষ 5 ম্যাচে পরাজয় দেখেনি মশাল বাহিনী। 9 ম্যাচের পাঁচটিতে জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার চার নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। সব মিলিয়ে বলাই যায়, লড়াইয়ে আপাতত গা ভাসিয়ে রেখেছে মোহনবাগানের প্রতিবেশী। ঠিক সেই পর্বে লাল হলুদ ভক্তদের হৃদকম্প বাড়াচ্ছে একটি রিপোর্ট। যেখানে দাবি করা হচ্ছে, এবারের ISL শেষ হলেই ইস্টবেঙ্গল ছাড়বেন অস্কার ব্রুজো!

সত্যিই কি ইস্টবেঙ্গল ছাড়বেন অস্কার?

কিছুদিন আগে পর্যন্তও ইস্টবেঙ্গলের ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছিল প্রধান কোচ অস্কারকে। সেই দায় ঠেলাঠেলির পর্ব কাটিয়ে জয়ের সরণীতে দাপট বজায় রেখেছে ইস্টবেঙ্গল। কিন্তু সেই সুসময়তেও নাকি ইস্টবেঙ্গলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চান অস্কার। সম্প্রতি প্রকাশ্যে আসা এক ইংরেজি সংবাদ মাধ্যম IFF নিউজের রিপোর্টে দাবি করা হচ্ছে, এবারের ইন্ডিয়ান সুপার লিগ শেষ হয়ে গেলেই লাল হলুদ ছেড়ে বেরিয়ে যাবেন অস্কার ব্রুজো। কিন্তু কেন? ওই রিপোর্টে কারণ হিসেবে দেখানো হচ্ছে, বর্তমানে ভারতে ফুটবল নিয়ে যেভাবে অনিশ্চয়তা বাড়ছে সে বিষয়টিকে একেবারেই ভাল চোখে দেখছেন না লাল হলুদের স্প্যানিশ কোচ।

এখানেই শেষ নয়, ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ার অভাব, প্রধান প্লেয়ারদের দলে রাখা নিয়ে অস্কারের সিদ্ধান্তের বিরোধিতা, ক্লাবের পরিকল্পনার অভাব, ম্যানেজমেন্টের সাথে দ্বিমত সহ একাধিক বিষয় নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ। মূলত এই সব কিছু নিয়েই খুব শীঘ্রই ইস্টবেঙ্গল ছাড়ার পরিকল্পনা জানিয়ে দিতে পারেন অস্কার। যদিও এ নিয়ে লাল হলুদ ম্যানেজমেন্ট এর তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে শেষ পর্যন্ত যদি অস্কার ইস্টবেঙ্গল ছেড়ে দেন সে ক্ষেত্রে লাল হলুদকে মাথার ছাদ খুঁজে পেতে বেশ ঝক্কি পোহাতে হবে বলেই মনে করছেন ফুটবল মহলের একাংশ।

অবশ্যই পড়ুন: বৈভবকে আউট করে বিরাট হম্বিতম্বি, শাস্তি পেলেন দিল্লির সেই বিদেশি বোলার

উল্লেখ্য, শেষ ম্যাচে ওড়িশাকে 3-0 করে ক্ষমতা দেখিয়েছিল ইস্টবেঙ্গল। বিগত পাঁচ ম্যাচে লাল হলুদ যে ভয়ডরহীন ফুটবল দেখিয়েছে তা সত্যিই প্রশংসারযোগ্য। আগামী 5 তারিখ তারা মাঠে নামবে ফোর্থ বয় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। এই ম্যাচে জয় খোঁজাই লাল হলুদের প্রধান লক্ষ্য। ঠিক তার আগে অস্কারকে নিয়ে এমন খবর কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে ইস্টবেঙ্গল ভক্তদের।