মাথার ছাদ হারাচ্ছে ইস্টবেঙ্গল, দায়িত্ব ছাড়ার কথা নিজেই জানালেন কোচ অস্কার ব্রুজো

Published:

Oscar Bruzon

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে জল্পনাতেই পড়ে গেল সিলমোহর। চলতি ইন্ডিয়ান সুপার লিগের মরসুম শেষ হয়ে গেলেই ইস্টবেঙ্গল (East Bengal FC) তার মাথার ছাদ হারাবে। দায়িত্ব ছাড়বেন প্রধান কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। রবিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা নিজেই জানিয়ে দিলেন তিনি। স্প্যানিশ কোচ একেবারে খোলাখুলি বললেন, ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের। এ নিয়ে ইতিমধ্যেই দলকে সমস্তটা জানিয়ে দিয়েছে তিনি।

আবেগী হয়েই ইস্টবেঙ্গল ছাড়ার ঘোষণা করলেন অস্কার

রবিবার, সাংবাদিক বৈঠক চলাকালীন হঠাৎ অস্কার বলতে শুরু করেন, “প্রায় দু বছর হতে চলল আমি ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছি। ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা দল এটি। এই দলের ঐতিহ্য আছে। আমি প্রত্যেক সমর্থকের কাছে ঋণী। আমার স্বপ্ন ছিল এই দলটার সাথে কাজ করার। সেটা হয়েছে। ভালো এবং খারাপ উভয় সময়ই সমর্থকরা পাশে থেকেছেন। আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন।”

এদিন এমন কথা বলতে বলতেই ইস্টবেঙ্গল ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন অস্কার। লাল হলুদের বর্তমান প্রধান কোচ বললেন, “আমি স্পষ্ট ভাবে জানাতে চাই 31 মে, ইন্ডিয়ান সুপার লিগ শেষ হয়ে গেলেই আমি কোচের দায়িত্ব ছাড়ছি। এখনও হাতে তিন সপ্তাহ আছে। নিজের সমস্তটা দলের জন্য উজাড় করে দিতে চাই। ইস্টবেঙ্গল যাতে সেরা জায়গায় থেকে যাত্রা শেষ করতে পারে সেটাই আমার প্রধান উদ্দেশ্য।”

এদিন ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্তটা একান্তই নিজের বলে জানালেও লাল হলুদ কোচ স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁর দল ছাড়ার নেপথ্যে বেতন আটকে রাখা, ফুটবলারদের নিয়ে নিশ্চয়তা, ক্লাবের পরিচালনা বা ইন্ডিয়ান সুপার লিগে দলের অবস্থান এসব কিছুই নেই। যেটা রয়েছে তা হল ক্লাবের পরিকল্পনার অভাব। আর সে কারণেই ইস্টবেঙ্গল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তিনি। এ কথাটাও দলের প্রত্যেক কোচিং স্টাফদের নাকি জানিয়ে দিয়েছেন অস্কার।

অবশ্যই পড়ুন: আর বিদেশে ভরসা নয়! ভারতেই তৈরি হবে বুলেট ট্রেন, চড়তে পারবেন নিম্ন মধ্যবিত্তরাও

অস্কার জানালেন, “এ বছর দলের যা পারফরমেন্স হয়েছে তার জন্য আমি দায়ী। আমি এই বছরের পরিকল্পনাটা গত বছর থেকে শুরু করেছিলাম। এখন যেখানে মে মাস, দেখছি পরের বছরের পরিকল্পনাই নেওয়া হয়নি। দলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব আছে। দূরদৃষ্টি নেই। ক্লাবের কারো সাথে প্লেয়ারদের কথা হয়নি।” এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে আবেগি সুরেও ক্লাবের কিছুটা গাফিলতি তুলে ধরেছিলেন স্প্যানিশ কোচ অস্কার।