প্রীতি পোদ্দার, কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ হয়েছিল ৯ মে, রবীন্দ্রজয়ন্তীতে। সরকার (Government Of West Bengal) গঠনের পর প্রথম এক সপ্তাহে একাধিক বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এসবের মাঝেই বারংবার খবরের শিরোনামে উঠে আসছিল চালু থাকা সামাজিক প্রকল্পগুলির (Government Schemes) স্থায়িত্ব নিয়ে। এমতাবস্থায় তৃণমূল সরকারের চালু করা রূপশ্রী প্রকল্প (Rupashree Scheme) নিয়ে উঠে এল বড় আপডেট।
আলোচনার শিরোনামে রূপশ্রী প্রকল্প
উল্লেখ্য, ২০১৮ সালের ১ এপ্রিল থেকে তৃণমূল সরকার গোটা রাজ্যেই চালু করেছিল রূপশ্রী প্রকল্প। যে সব পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম, সেই গরিব পরিবারের তরুণীরা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারত এই প্রকল্পে। আবেদন জমা পড়ার পর প্রশাসনের তরফে পাত্রীর ব্যাঙ্ক ভেরিকেশন হত। আর তারপরেই অ্যাকাউন্টে সরাসরি এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হত। কিন্তু সরকার বদল হতেই এই প্রকল্প চালু রাখা আদৌ হবে কিনা সেই নিয়ে উঠতে থাকে একাধিক প্রশ্ন। তবে প্রশাসন সূত্রে খবর, এই সামাজিক প্রকল্প চালু থাকবেই।
চালু থাকবে রূপশ্রী প্রকল্প
মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকের পরে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, আগের সরকারের চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। এমতাবস্থায় প্রশাসনিক সূত্রে খবর, গত বৃহস্পতিবার অভ্যন্তরীণ গ্রুপে এই সামাজিক প্রকল্প চালু রাখার নির্দেশ পাওয়া গিয়েছে। এমনকি নতুন করে আবেদনও সংগ্রহ করতেও বলা হয়েছে। আর তাতে হাসি ফুটেছে অনেকের মুখেই। ইতিমধ্যেই কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারেন, তার নির্দিষ্ট তালিকাও দেওয়া আছে জেলার দপ্তরগুলিতে। সেই গাইডলাইন অনুযায়ী, পরিবারের তরুণীরা এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: বাতিল হবে এদের রেশন কার্ড, সরকারি কর্মীদেরও বড় নির্দেশ খাদ্যমন্ত্রীর
প্রসঙ্গত, গত ৩১ মার্চের মধ্যে হওয়া অনেক রূপশ্রী আবেদন নিষ্পত্তি হয়নি বলে খবর পাওয়া গিয়েছে। তার মূল কারণ ছিল ২৬-এর বিধানসভা নির্বাচন। আসলে ভোট ঘোষণা হওয়ায় নির্বাচনি বিধি লাগু হয়ে গিয়েছিল। ফলস্বরূপ অনেকেই টাকা পাননি। তবে পুনরায় এই প্রকল্প যে চালু হতে চলেছে সেই ব্যাপারে বেশ নিশ্চিত সকলে। কিন্তু অন্যান্য প্রকল্পের মত এই প্রকল্পের অনুদান বাড়ানো হবে কিনা, সেই নিয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি।










