জুলাই থেকে আয়ুষ্মান ভারত কার্ড, কীভাবে আবেদন? জানুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি

Published:

Ayushman Bharat Yojana

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকার বদল হতেই চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের যুগান্তকারী প্রকল্প আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিশেষ প্রকল্প বাংলায় চালু হলে উপকৃত হবেন বহু মানুষ। এ নিয়ে সাংবাদিক বৈঠক করে আগেই সমস্তটা পরিষ্কার করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার শোনা যাচ্ছে, আগামী 8 জুন স্বাস্থ্য মন্ত্রকের সাথে এই বিশেষ প্রকল্প নিয়ে একটি মৌচুক্তি স্বাক্ষরিত হতে পারে রাজ্য সরকারের। গতকাল নবান্ন থেকে সে কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সাথে কবে থেকে আয়ুষ্মান ভারত কার্ড বিলি করা শুরু হবে সে কথাও জানিয়ে দেন তিনি।

কবে মিলবে আয়ুষ্মান ভারত কার্ড?

রাজ্য সরকারের নির্দেশের পর মধ্যেই শুরু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অনলাইনে করা যাচ্ছে রেজিস্ট্রেশন। এ প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট সবটাই পোর্টালে শুরু হয়ে গিয়েছে। আমরা আসন্ন জুলাই মাস থেকে সম্ভবত এই কার্ড দিতে পারবো। এ নিয়ে আগামী 8 তারিখ ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হবে। আমরা তা নিয়ে আগেই ভার্চুয়ালি মিটিং করেছি। 976 কোটি টাকা এ বছরের জন্য স্যাংশন হয়েছে।”

আপাতত মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা

বুধবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন, যতদিন না পর্যন্ত আয়ুষ্মান ভারত কার্ড চালু হচ্ছে ততদিন পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন সাধারণ মানুষ। এই পরিষেবা থেকে কেউ বঞ্চিত হবেন না। যেমন যেমন ভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে এনরোলমেন্ট হবে সেভাবেই একে একে বিভিন্ন ফ্যামিলি স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে বেরিয়ে যাবে।” একই সাথে আরও একবার শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেন, যাঁরা স্বাস্থ্য সাথীর সুবিধা পাচ্ছেন তাঁরা অবশ্যই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন।

 

আয়ুষ্মান ভারত প্রকল্পে কীভাবে আবেদন করবেন?

প্রথম ধাপ, আয়ুষ্মান ভারত প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করাতে হলে প্রথমে beneficiary.nha.gov.in বা PMJAY পোর্টালে ভিজিট করুন।

দ্বিতীয় ধাপ, হোমপেজ থেকে অ্যাম আই এলিগেবেল অপশনটিতে ক্লিক করে দিন।

তৃতীয় ধাপ, এবার নিজের মোবাইল নম্বর, ক্যাপচা এবং ওটিপি বসিয়ে লগইন করুন।

চতুর্থ ধাপ, এই পেজ থেকে নিজের রাজ্যে, জেলা ক্লিক করে সার্চ অপশন বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

পঞ্চম ধাপ, এই ধাপে আপনাকে KYC করতে হবে। আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হয়ে থাকেন তবে তালিকায় আপনার নাম থাকবে। সেখান থেকে ডু ই কেওয়াইসি অপশনটিতে ক্লিক করুন এবং নিজের আধার নম্বর যাচাই করে নিন।

ষষ্ঠ ধাপ, ই কেওয়াইসি সম্পূর্ণ হয়ে গেলে 20 মিনিটের মধ্যে পুনরায় লগইন করে নিজের আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

অবশ্যই পড়ুন: আউট হয়ে মাঠেই গালিগালাজ করলেন বৈভব সূর্যবংশী? ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, অনলাইনে ওয়েবসাইট বা অ্যাপ থেকে আবেদন করার পাশাপাশি দুয়ারে সরকারের মাধ্যমেও এই প্রকল্পে আবেদন করা যাবে। একই সাথে এই প্রকল্পের জন্য বিভিন্ন জেলা বা ব্লক স্তরের সরকারি আধিকারিকদের তরফেও মিলবে সাহায্য।