অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে ৫, ৬, ৭ নম্বর পাতায় এই ভুল করলেই শাস্তি

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ফর্ম। ১৩টি পাতা রয়েছে তাতে। ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে সেই ফর্ম। তবে তাতে আবেদনকারী থেকে শুরু করে তাঁর পরিবারের প্রত্যেকটি সদস্যের পুঙ্খানুপুঙ্খ তথ্য চাওয়া হয়েছে। কোনও ভুল করলেই বাতিল হবে আবেদন। এমনকি ফর্মের শেষে পরিবার বলতে কী বোঝানো হয়েছে তাও উল্লেখ করা হয়েছে।

আবেদনের সময় মাথায় রাখতে হবে বিষয়গুলি

উল্লেখ্য, ফর্মে প্রত্যেকটি পার্ট বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা তথ্য ইনপুট করতে হবে। যদিও অগ্নিমিত্রা পাল আগেই জানিয়েছিলেন যে, যারা আয়কর দেন তারা এই প্রকল্পের সুবিধা পাবে না, এবং যারা নাগরিকত্ব থেকে বাদ পড়েছেন তারাও পাবেনা সুবিধা। কিন্তু ফর্মে দেখা যাচ্ছে, কর্মসংস্থান থেকে শুরু করে পেশা, আয় নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আর সেগুলি ৫, ৬ আর ৭ নম্বর পাতাতেই উল্লেখ রয়েছে। তবে তাড়াহুড়ো করে কোনও ভুল করলেই হতে পারে সমস্যা। এমনকি সরকারি বা বেসরকারি কোনও গুরুত্বপূর্ণ আবেদনের ক্ষেত্রে ভুল তথ্য দিলেও আইনি গ্যাঁড়াকলে পড়তে হতে পারে।

যদি আপনি কোনও তথ্য ভুল প্রদান করেন, বিশেষ করে আয়ের ক্ষেত্রে। তাহলে আবেদনটি তৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে। এমনকি অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই আবেদনকারীকে ব্ল্যাকলিস্টেড করে দেয়। যার ফলে ভবিষ্যতে আর কোনও প্রকল্প আবেদন করতে পারবেন না। বিশেষ করে এই ৫, ৬ এবং ৭ নম্বর পাতাতে আয় সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন: মেলে তিন লাখ টাকা অবধি ঋণ, তৃণমূলের কারণে স্থগিত প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা!

পাশাপাশি ফর্মের শেষে এমনিতেই ডিক্লারেশন উল্লেখ করা রয়েছে। লেখা রয়েছে—“আমি এই মর্মে ঘোষণা করছি, উপরে সমস্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য আর প্রযোজ্য ক্ষেত্রেই আমি সমস্ত তথ্য প্রদান করেছি, এবং উপরের উল্লেখিত কোনও মানদন্ড আমি বাদ দিইনি। আমি অবগত যে, আমার প্রদত্ত কোনও রকম তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে।” তাই বোঝা যাচ্ছে, যদি কোনও ভুল তথ্য আবেদন ফর্মে দিয়ে থাকেন, তাহলে ভবিষ্যতে আইনি সমস্যায় পড়তে হতে পারে। এমনকি কোনও প্রকল্পেও আর সুযোগ নাও পেতে পারেন। তাই আবেদন করার সময় অবশ্যই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করুন।