‘রথকে উল্টো করে বাড়ি পাঠাব..’, অভিষেকের মন্তব্য মনে করিয়ে চাঞ্চল্যকর দাবি মা হাসিরানির

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: উপনির্বাচনের প্রস্তুতিতে মেতে উঠেছে রেজিনগর ও নন্দীগ্রাম। জনসংযোগ বৃদ্ধি করতে দফায় দফায় হচ্ছে বৈঠক। এমতাবস্থায় ফের নন্দীগ্রামকে (Nandigram Bypoll 2026) ঘিরেই ফের চড়ল রাজনৈতিক উত্তাপ। সেখানকার বিজেপির প্রার্থী ঘোষণা হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুর (Chandranath Rath Murder Case) ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুললেন মা হাসিরানি রথ। আচমকাই মনে করিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্বাচনের আগে করা একটি হুমকিমূলক মন্তব্য।

চন্দ্রনাথ রথের মৃত্যুর জন্য তৃণমূলকে নিশানা!

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন বিজেপি প্রার্থী হাসি রানি রথ। উপস্থিত ছিলেন কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী এবং নন্দীগ্রামের বিজেপির ৫টি মণ্ডলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বিধায়কেরা। এদিনও বৈঠকের মাঝে বড় ছেলে চন্দ্রনাথ রথের মৃত্যুর জন্য তৃণমূলকে নিশানা করেন মা হাসি রানি রথ। ভোটের আগে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চাঞ্চল্যকর মন্তব্য আজও চন্দ্রনাথের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছে।

কী অভিযোগ হাসিরানি রথের?

বৈঠকে এদিন বিজেপি প্রার্থী হাসিরানি রথ বলেন, “২৬ এর বিধানসভা নির্বাচনের আগে আমাদের রীতিমতো হুমকির সুরে একটা সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শুভেন্দুবাবুর রথকে উল্টো করে বাড়ি পাঠিয়ে দেবেন। কিন্তু আমরা তখন ভেবেছিলাম বিজয়রথ। তখন থেকেই বিরোধী দিল হয়তো প্ল্যান-প্রোগ্রাম করেছিল। আসলে ভবানীপুরের হারটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারেননি। হয়তো তার জন্যই এই ঘটনা ঘটিয়েছেন।” আর এই মন্তব্য উপনির্বাচনের মুখে প্রকাশ্যে আসতেই চরম শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের তরফেও মিলেছে পাল্টা জবাব।

পাল্টা জবাব কুণালের

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের এই মন্তব্যকে নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যে ভদ্রমহিলা নন্দীগ্রামের উপনির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি হলেন চন্দ্রনাথের মা, তাঁর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আসল ব্রেনটা কার? সেটাই তো চেপে রেখেছেন। আর বাংলার মানুষ জানে আসল ব্রেনটা কার।” তবে কি উপনির্বাচনের মুখে শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্ত সহায়কের মৃত্যুকে ঘিরে নয়া তথ্য প্রকাশ্যে আসতে চলেছে? এদিকে কিছুদিন আগে এই খুনের ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তাঁর কথায়, “আমি যা খবর পেয়েছি তাতে চন্দ্রনাথ খুনের পিছনে ভাইপো গ্যাং রয়েছে। ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছে শুটারদের।”

আরও পড়ুন: শুধু প্রতীক ফ্রিজ না, মনোনয়নও আটকে দুই তৃণমূলের! প্রার্থী দিতে পারবেন ঋতব্রত, মমতারা?

চন্দ্রনাথ রথ খুন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও দাবি করেন যে, “ ইতিমধ্যে একাধিক কলরেকর্ডিং আমি শুনেছি আর তাতে এটা স্পষ্ট যে ঘটনার নেপথ্যে ভাইপো গ্যাং জড়িত। তবে এখন মামলা বিচারাধীন তাই বেশি কিছু বলব না।” এদিকে তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেছেন ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “একেবারে প্রমাণ ছাড়া তো মুখ্যমন্ত্রীর কোনও কথা বলার কথা নয়। যদি সত্যি এটা হয়ে থাকে এর থেকে দুঃখের কিছু হয় না। মনে রাখতে হবে সত্যি চেপে রাখা যায় না।”